[ad_1]
ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চলমান ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তিনি সোনারগাঁ সফরে এসেছেন। এসে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন।
’ প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি এ সফর করেছেন বলে জানান।
তিনি বলেন, ‘সোনারগাঁ শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবেও পরিচিত একটি ঐতিহাসিক জনপদ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে এটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘নতুন প্রজন্মের কাছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে সরকার কাজ করছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ (খ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) পরিমল চন্দ্র বসু এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[ad_2]