[ad_1]
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিশুদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত সচেতন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিশু অ্যাকাডেমির শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা। আলোচনা শেষে শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর উপলব্ধি করেছিলেন যে, আগামী প্রজন্মকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হলে শিশুদের যথাযথ পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু পার্ক প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শী নেতৃত্বে শিশু অ্যাকাডেমির কার্যক্রম জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়, যদিও পরবর্তীতে নানা কারণে এই প্রতিষ্ঠান শিশুদের বিকাশে প্রত্যাশিত সহায়তা পায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে কাজ করছে। লেখাপড়ার পাশাপাশি তাদের মননশীলতা, চিন্তার প্রসার এবং নেতৃত্বদানের সক্ষমতা গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ১৪৩৩ বঙ্গাব্দ দেশবাসীকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করবে এবং আগামী বৈশাখ আরও সুন্দর হবে।
—এজেড
[ad_2]