[ad_1]
"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে এবং "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)"-এর আওতায় পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ-এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধিমালা এবং মাঠপর্যায়ে এসব আইন বাস্তবায়নে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বিভিন্ন উৎস, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫-এর গুরুত্বপূর্ণ আইনগত বিষয়সমূহ তুলে ধরা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কীভাবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়েও অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সোহেল রানা, বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. মাহবুবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসান।
এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশ নেন।
বক্তারা বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
[ad_2]