[ad_1]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমা (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় রফিক মীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইমা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালী বাজার এলাকার তেরোহাল উত্তর পাড়ার বাসিন্দা রইচ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে ইমার কোনো সাড়া না পেয়ে বাড়ির সদস্যরা ভুলতা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। দরজা না খোলায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাড়াটিয়া জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে গোপনে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
[ad_2]