
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রোডাক্টস, স্টিল ফ্রেম এবং অ্যাক্সেসরিজ উৎপাদনকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংক তৈরি করবে এবং এসব তৈরির জন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য এবং অ্যাক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন তৈরি করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান উল্লেখযোগ্য চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ মেট্রিক টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে, যার অধিকাংশই দুবাইয়ে রপ্তানি করা হবে। এই বিনিয়োগ দেশের শিল্পখাতে বৈচিত্র আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট খাতের দিকে সূচনা করবে। এক কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই কোম্পানি ৯০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ লক্ষ্যে ঢাকার বেপজা কমপ্লেক্সে গত ২২ ফেব্রুয়ারি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিরা।