
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রবি মিয়া (৬০) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মো. ইয়াসিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইয়াসিন উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর গ্রামের হরযত আলীর ছেলে। তার মা মৃত মল্লিকা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পূর্ব মজিদপুরের (গুইলের টেক) এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রবি মিয়াসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত রবি মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মনোহরদী থানায় হত্যা মামলা নং-২৩(৯)২৬ দায়ের করা হয়। মামলায় ইয়াসিনকে ৮ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি নয়া আটি এলাকা থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “রবি মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ইয়াসিনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।