মনোহরদীতে এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় র্যালি ও বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক, মনোহরদী:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে নরসিংদীর মনোহরদী উপজেলার এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক মুহাম্মদ কামরুল হোসেন (বাংলা), মুমিনুল হক (আইসিটি), মিজানুর রহমান (কৃষি), মো. ওয়াজউদ্দিন (গণিত) এবং সোনিয়া আক্তার (জীববিজ্ঞান)। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, "আজ একটি গাছ লাগানো মানেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী উপহার দেওয়া।" তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।