মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
কামাল উদ্দিন সরকার বাদল।
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় মনোহরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এদিন সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
বক্তারা আরও বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।