[ad_1]
আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০২৬
দিনাজপুর:- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামদাসপাড়া গ্রামে জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নানের ক্রয়কৃত জমিতে আইল নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে কেন্দ্র করে প্রতিবেশী জমির মালিকের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষ থেকে থানায় ও উপজেলা প্রশাসনে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুল হান্নান তার নিজস্ব জমিতে পানি নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণের জন্য সম্প্রতি ভেকু (এস্কেভেটার) দিয়ে আইল ও একটি নালা নির্মাণ শুরু করেন।
এর প্রেক্ষিতে পার্শ্ববর্তী জমির মালিক তানজির রেজুওয়ান চৌধুরী পানি চলাচলে বাধার আশঙ্কা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তিনি তার নিজ জমিতেই আইল এবং পানি প্রবাহের জন্য ২৫ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট গভীরতার নালা তৈরি করছিলেন।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ রাখা সত্ত্বেও রেজুওয়ান চৌধুরী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তার লোকজন ভেকুর চাবি কেড়ে নিয়েছিলেন।তাকে সামাজিকভাবে হেয় করতে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চোর’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
তার দাবি, প্রতিবেশী মালিকরা তাদের জমির বর্তমান বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি দাম আদায় করার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করছেন।বিরোধপূর্ণ জমির ভেতরে থাকা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি ডিপটিউবওয়েল নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও এর ডিলার জাকির হোসেন জানান, আব্দুল হান্নান জমি কিনলেও ডিপটিউবওয়েলটি তাদের নিয়ন্ত্রণেই আছে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে ট্রান্সফরমার চুরি হলে আব্দুল হান্নান নিজ খরচে তা কিনে দেন এবং নিরাপত্তার ব্যবস্থা করেন।অন্যদিকে, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ আব্দুল হান্নানের পক্ষে অবস্থান নিয়েছেন।তাদের মতে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
তাকে ‘চোর’ সম্বোধন করে থানায় অভিযোগ করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার রাতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের নির্দেশে পরবর্তীতে ভেকুর চাবি ফেরত দেওয়া হয়।তবে বিষয়টি নিয়ে এখনো স্থানীয় পর্যায়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞ মহলের মতে, বিষয়টি শুরুতেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলে এতদূর গড়াতো না।বিভিন্ন দপ্তর সরজমিনে পরিদর্শন করলেও অভিযোগের পূর্ণ সত্যতা পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ব্যবসায়ী আব্দুল হান্নান এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, রেজুওয়ান চৌধুরীর পক্ষ থেকে আনা অভিযোগ গুলো খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।
[ad_2]