[ad_1]
নারায়ণগঞ্জের বন্দরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা, আইফোন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ লুটের অভিযোগে একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— একরামপুর এলাকার কাওসার (২০), রবিন (২২), শান্ত (২৩), গোলাম রাব্বী (৩০), আরিফ (২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার রনি কাজী (২২) এবং কদমরসুল মাঠপাড়া এলাকার সাকিব (২৫)। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী নজরুল ইসলাম মজুমদার জানান, তিনি ঢাকার জোয়ার সাহারা উত্তর ভাষানটেক এলাকার বাসিন্দা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) বিবিএ বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। কিছুদিন আগে OmeTV অ্যাপের মাধ্যমে বন্দরের আরফা তানিয়া (২২) নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তানিয়া তাকে একাধিকবার বন্দরের কদমরসুল কলেজের সামনে দেখা করার জন্য অনুরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ মে তিনি কদমরসুল কলেজের সামনে গেলে পূর্বপরিকল্পিতভাবে ৭ থেকে ৮ জন যুবক তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার ৮০০ টাকা এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকেও অর্থ ক্যাশ আউট করা হয়।
এছাড়া তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাকে শারীরিক নির্যাতন চালানো হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। পরে সন্ধ্যার দিকে তাকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]