
নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবক তাসনিমকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকায় গণপিটুনির এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার কাজীবাড়ী এলাকায় ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর থানার কাজীবাড়ী এলাকায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী শিশুটি প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। এসময় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম (১৬) আরেক ছোট শিশুকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাসনিম শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত কিশোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর পিতা জানান, কিন্তু সে আমার অবুঝ মেয়ের সাথে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। আমি এই ঘটনার কঠিন বিচার চাই যাতে আর কোনো শিশুর সাথে এমন না ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকা দিয়ে অভিযুক্ত যুবক তাসনিম যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, দুই-তিনদিন আগে এমন ঘটনা ঘটে। আজ ধর্ষনের চেষ্টাকারী ভাঙ্গারী টোকাই ওই এলাকা দিয়ে যাওয়ার সময় শিশু মেয়েটি তাকে দেখিয়ে দিলে গণপিটুনি দেয় লোকজন। আহতকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার থেকে অভিযোগ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।