[ad_1]
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রিফাত (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দর উপজেলার আলীনগর এলাকায় সাবেক সংসদ সদস্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত রিফাত বালিয়াগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত রিফাত বাদী হয়ে সোমবার (২৯ জুন) সকালে তিনজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর- ৪৬(৬)/২৬।
মামলার পর স্থানীয় এলাকাবাসী সোমবার সকালে আলীনগর এলাকার খোকন বেপারীর ছেলে **অপূর্ব (২৪)**কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
আহতের খালাতো ভাই টুটুল জানান, রিফাত বালিয়াগাঁও থেকে আলীনগর যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রিফাত বাধা দিলে তাকে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ১২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]