[ad_1]
নারায়ণগঞ্জের বন্দরে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওয়ালি উল্লাহ (৬৬) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়ালি উল্লাহ চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার কালিকাপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওয়ালি উল্লাহ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে অটোরিকশাযোগে বন্দরের মদনপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী ওয়ালি উল্লাহ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
[ad_2]