[ad_1]
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গৃহপরিচারিকাকে ধর্ষণ ও পরবর্তীতে নির্যাতনের অভিযোগে বাবুল মিয়া (৪৮) নামে এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলহর এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহপরিচারিকা বাদী হয়ে একই দিন রাতে বাবুল মিয়া ও তার স্ত্রী রেজিনা সুলতানা রজির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৭(৪)২৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ভুক্তভোগী নারী বিয়ে করে স্বামীর সঙ্গে ফুলহর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। আর্থিক সংকটের কারণে তিনি গত দুই মাস ধরে বাবুল মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ এপ্রিল সকালে কাজের জন্য বাসায় গেলে বাড়িওয়ালা বাবুল মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে বিকেলে বাড়িওয়ালার স্ত্রীকে বিষয়টি জানালে, তারা উভয়ে মিলে তাকে মারধর করে এবং চুল কেটে দেয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]