[ad_1]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সেতুর চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। পরিদর্শন শেষে সংস্কার কাজে বেশ কিছু ত্রুটির অভিযোগ তুলে যথাযথ সংরক্ষণ ও সংস্কার পদ্ধতি অনুসরণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ জুন) সকালে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে ঐতিহাসিক এ সেতুর সংস্কার ও সংরক্ষণের দাবিতে কমিটির পক্ষ থেকে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। বুধবার দ্বিতীয় দফায় তারা সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শাহেদ কায়েস বলেন, “সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন প্রত্নসম্পদ সংরক্ষণ, সংস্কার এবং গবেষণার আওতায় আনা জরুরি। দীর্ঘদিন ধরে যারা এসব প্রত্নসম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সরকারকে ধন্যবাদ জানাই, দেরিতে হলেও পানাম সেতুর সংস্কার কাজ শুরু করার জন্য।”
তবে পরিদর্শন শেষে কমিটির সদস্যরা সংস্কার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, সেতুর পিলারের নিচের অংশে কোনো ধরনের সংস্কারকাজ করা হচ্ছে না, যা ভবিষ্যতে সেতুর স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের যে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার কথা, তা যথাযথভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
কমিটির সদস্যদের মতে, পানাম সেতুর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে আরও পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার কাজ পরিচালনা করা প্রয়োজন।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা।
[ad_2]