[ad_1]
প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (সিএইচসিসি)।
রোববার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয়ে এ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
সভায় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর সুদূরপ্রসারী নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় শহরের উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প বিশেষ গুরুত্ব পায়। এছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার নির্মাণের পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।
নগরীর যানজট নিরসন ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এলআরটি বা মনোরেলভিত্তিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি নগরজুড়ে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক সেতু নির্মাণ এবং শহরের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।
এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে প্রশাসকের দূরদর্শী পরিকল্পনা ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। তারা জানান, এসব বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি সম্ভাব্য বড় অঙ্কের বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরিত হবে।
[ad_2]