[ad_1]
নারায়ণগঞ্জে "ভূমিসেবা মেলা-২০২৬" উপলক্ষে “স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে সরকার অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন ঘরে বসেই ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাচ্ছে। এতে নাগরিকদের সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।”
তিনি আরও বলেন, “দালালচক্র ও দুর্নীতি বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম পেলে সরাসরি হটলাইনে অভিযোগ করুন। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় আমরা শতভাগ ডিজিটাল ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা, জেলার সকল সহকারী কমিশনার ভূমি, ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিক নেতৃবৃন্দরা।
সেমিনারে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমি সংক্রান্ত সেবাসমূহকে ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। ‘পেপারলেস অথবা লেস পেপার’ ধারণা বাস্তবায়ন, সময় ও ব্যয় সাশ্রয়, দালালনির্ভরতা বাতিল, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস ভূমি সেবা, অটোমেটেড রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, অটোমেটেড রেকর্ড হোল্ডিং সমন্বয় এবং শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করাই ভূমিসেবা মেলা ২০২৬ এর মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ভূমিসেবা মেলা ২০২৬ আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন সেবাগ্রহীtতারা।
[ad_2]