[ad_1]
নরসিংদী শহরের বিলাসদী এলাকায় গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনার এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মতি। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পেশাগত কাজে বাসার বাইরে যান শফিকুল ইসলাম মতি। এ সময় তার মেয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এবং স্ত্রী ছাদে কাপড় শুকাতে গেলে ঘরের দরজার পাশে রাখা চাবির সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোরচক্র বাসায় প্রবেশ করে। চোরেরা ঘরের সুকেসের ড্রয়ার খুলে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরার তার কেটে নিয়েগেছে। এতে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনাকে আড়াল করতে বা বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তারা এ কাজ করেছে। সংবাদ পেয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে স্থানীয়দের অবহিত করেন এবং পরে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার পরপরই থানার অফিসার ইনচার্জ এবং পরে পুলিশ সুপারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কল রিসিভ করেননি। পরে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ডিউটি অফিসার প্রথমে অভিযোগ নিতে অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে ওসি (অপারেশন)-এর হস্তক্ষেপে ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ করেন। একজন সংবাদকর্মী থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে এমন পরিস্থিতির মুখোমুখি হলে সাধারণ জনগণ কতটুকু সেবা পাচ্ছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিক মো. শফিকুল ইসলাম মতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[ad_2]