
জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায় জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছায় সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে খালেদা জিয়াকে।