[ad_1]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশ ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
[ad_2]