
আপডেটঃ ২:৩৭ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২৬
সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলোর প্রত্যেকটির সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন।তিনি বলেন, কোনো ঘটনারই বিচারহীনতা থাকবে না এবং আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি উল্লেখ করেন, অতীতে সংঘটিত বিভিন্ন ঘটনায় পুলিশ সদস্যসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে এবং এসব ঘটনার প্রতিটিরই তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।পাশাপাশি তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, অহেতুক সড়ক অবরোধ বা বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, কারণ এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়।দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি তুলে ধরে আইজিপি বলেন, শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন কারণে তরুণদের একটি অংশ মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।এছাড়া জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, সীমিত পরিসরে কিছু অনিয়ম থাকলেও তা বড় ধরনের লাভজনক নয়।এ ক্ষেত্রে নৈতিকতার উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও জানান, রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।